ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানা মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় করা লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কারখানায় সংঘবদ্ধ ৭-১০ জন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে অন্তত সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ বলেন,ভোর রাতে সাত থেকে আট সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের সনাক্তে কাজ করছে।



















