বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

গণতন্ত্রের শত্রুরা ষড়যন্ত্র করছে, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

লন্ডনে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ‘চক্রান্তকারীরা ঝামেলা শুরু করে দিয়েছে’ মন্তব্য করে নেতাকর্মীদের উত্তেজিত না হতে এবং বিভ্রান্ত হয়ে কোনো ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭১ ও ৯০ এর পর ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এই বিজয়ের কৃতিত্ব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয়, বরং জনগণের এবং দেশের মানুষের। তিনি জোর দিয়ে বলেন, সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সুযোগ যেন বিফলে না যায়।

ষড়যন্ত্র চলছে, বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে:

দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সুযোগ সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে এই গণতন্ত্রে যেন উত্তরণ না ঘটে তার জন্য ষড়যন্ত্র চলছে।” তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি তারেক রহমান সম্পর্কে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে, যা তাদের ভয়ের বহিঃপ্রকাশ। “তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি, তারা সঠিক জায়গায় থাকবে। তাই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি,” মন্তব্য করেন তিনি।

বিএনপির ত্যাগ ও অর্জন:

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সবাইকে একসঙ্গে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি দাবি করেন, “পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এতো ত্যাগ কেউ স্বীকার করেছে কী না তা জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।” এতো কিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, “এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে।” তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনকে বিএনপির উল্লেখযোগ্য অবদান হিসেবে উল্লেখ করেন।

নির্বাচন ফেব্রুয়ারিতেই, ফাঁদে পা না দেয়ার আহ্বান:

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “লন্ডনে তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর ষড়যন্ত্র শুরু হলো- নির্বাচন হতে দেওয়া যাবে না। এদেশের মানুষ সংগ্রাম-লড়াই করেছে, তারা তাদের যে দাবি (নির্বাচন) সেটি আদায় করে নেবে এবং এই নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই অনুষ্ঠিত হবে।”

তিনি স্পষ্ট করেন, “বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা নির্বাচন চাইছি না, আমরা চাইছি বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। আমরা চাইছি, মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি।”

নেতা-কর্মীদের পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্রের শত্রু চতুর্দিকে; বিএনপি হচ্ছে ডেমোক্রেসি, ফ্রিডম এবং ডেভেলপমেন্ট। এটি আমরাই করব, ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো।” তিনি বলেন, “এরা ফাঁদ পাতছে এবং আমাদের উস্কানি দিচ্ছে যেন ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করে দ্বন্দ্বে জড়িয়ে এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে আমরা পা দেবো না।” মির্জা ফখরুল অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে তাদের নেতার নির্দেশিত পথে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ অনেকে।

সর্বশেষ - জাতীয়

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

জনরোষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

চোরাই মোবাইল উদ্ধারে পুলিশের ওপর হামলা, পাঁচজন আহত

মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হজ নিবন্ধনের জন্য ১৮ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশ

অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়েই ভারত থেকে আমদানি হচ্ছে ‘মিথানল’

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

আজ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, অংশ নিচ্ছেন ৩.৭৪ লাখ প্রার্থী