রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে আগামী ২৪ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
এর আগে, আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া আজকের এবং ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবিকেই যৌক্তিক বলে মনে করছে। মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।



















