রবিবার , ২৯ জুন ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

এনবিআর-এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার। রবিবার বিকালে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, এনবিআরের কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের হয়রানি করেন বলেও জানা যায়।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তারা হলেন:

  • এনবিআর সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম
  • অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮ মির্জা আশিক রানা
  • বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান
  • যুগ্ম কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা
  • ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার
  • কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু

দুদক মহাপরিচালক আরও বলেন, “দুদক কারো হাতিয়ার হয়ে কাজ করছে না। যাচাই-বাছাই করেই অনুসন্ধান শুরু হয়েছে।”

দুদক কর্মকর্তারা বলছেন, অনেক করদাতা আগাম কর দেন বা বেশি কর দেন। নিয়ম অনুযায়ী, হিসাব-নিকাশের পর বেশি দেওয়া হলে তা করদাতাকে ফেরত দিতে হয়। তবে, অভিযোগ থেকে জানা যায়, করের বাড়তি টাকা ফেরত পেতে আরো অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহারে খরচ হয়।

এছাড়া, অভিযোগ রয়েছে যে, এই কর্মকর্তারা বিগত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে এবং নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন।


দুদকের এই অনুসন্ধান এনবিআরের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

সর্বশেষ - জাতীয়