শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলাটির বাশপদুয়া সীমান্ত এলাকায় ঘটে।

নিহতরা হলেন মো. মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২)। মিল্লাত পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে এবং লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আহত যুবকের নাম মো. আফছার (৩১)।

মিল্লাতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। অন্যদিকে, লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের কাঁটাতারের কাছে যান মিল্লাত, লিটন ও আফছার। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আর লিটনকে বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাশপদুয়া সীমান্ত চোরাকারবারিপ্রবণ এলাকা। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে এবং লিটনের মরদেহ দেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়