২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা ৮ শতাংশের বেশি এগিয়ে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন এবং ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও এগিয়ে আছে মেয়েরা—মোট ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, আর ছাত্র ৩২ হাজার ৫৩ জন।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ফলাফল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া এসএমএস পাঠিয়ে ১৬২২২ নম্বরে ফল জানা যাচ্ছে।



















