বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম এবং তার স্ত্রী সুমা ইসলাম–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম

দুদকের পক্ষে মামলাটি উপস্থাপন করেন সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি। তিনি আবেদনে উল্লেখ করেন, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে—শাহীনুল ইসলাম ও তার পরিবার দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন

আদালত আবেদনটি পর্যালোচনা করে শাহীনুল ইসলাম ও তার স্ত্রীর দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, শাহীনুল ইসলাম ছিলেন বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর প্রধান, যেখানে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নজরদারি কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের পাশাপাশি সম্পদের উৎস যাচাই প্রক্রিয়াও চলছে বলে দুদক সূত্রে জানা গেছে

সর্বশেষ - জাতীয়