বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সম্মতির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হলো। পরবর্তী ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।
শর্তাবলি:
- পরবর্তী বেতনস্কেলে অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে।
- সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকার জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে নিয়োগের শর্ত পূরণ করতে হবে।
- বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না।
- ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি–বিধান মানতে হবে।
- ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
- প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অর্থ বিভাগের প্রবিধি–৩ শাখা হতে গত ১৬ অক্টোবর জারিকৃত ২৬০ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।



















