শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচার দাবি মামুনুল হকের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলার মানুষ ইসলামপ্রিয় এবং তারা ইসলামী নেতৃত্বকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের আদর্শভিত্তিক রাষ্ট্র।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বড়বাজার সরকারি কলেজ মাঠে জেলা পশ্চিম খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে শুধু ক্ষমতার রদবদলের জন্য নয়, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আশায়। কিন্তু ২০১৩ সালের শাপলা চত্বরে নিহত শহীদদের সম্মান না দিয়ে সরকার বেইমানি করেছে।” তিনি দাবি করেন, জুলাই ঘোষণাপত্রেও তাদের স্মরণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, “সংস্কার ও খুনি হাসিনার বিচার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিচার হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিদায় নিলেও তাদের দোসররা এখনো বিভিন্ন ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

গণসমাবেশে তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু গণতন্ত্র, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর খেলাফত মজলিস সভাপতি মুফতি আতিকুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন, জেলা সভাপতি মাও. আব্দুল আজিজ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. মঈনুল ইসলাম খন্দকার, নরসিংদী জেলা সভাপতি মাও. আব্দুন নূর, সাধারণ সম্পাদক মাও. তাজুল ইসলাম কাসেমী, বিএনপি নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, জামায়াত নেতা প্রফেসর দেওয়ান মো. নকিবুল হুদা এবং আরও অনেকে।

সর্বশেষ - জাতীয়