চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রোববার (৩০ আগস্ট) গভীর রাতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রাত সোয়া ১২টা থেকে শুরু হয়ে এ সংঘর্ষ প্রায় রাত ২টা পর্যন্ত চলে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক প্রথম বর্ষের ছাত্রী ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। রবিবার দিবাগত রাতে বাসায় ফেরার সময় দারোয়ান তাকে ভেতরে ঢুকতে বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে দারোয়ান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, দারোয়ান প্রথমে দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং পরে হঠাৎ গলায় চড় মারেন। তিনি প্রতিরোধ করলে আরও ধাক্কাধাক্কি হয়। এসময় সহপাঠী ও স্থানীয়রা এগিয়ে আসলে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। দারোয়ান পালিয়ে গেলে শিক্ষার্থীরা তাকে ধরতে চেষ্টা করে, আর তখনই স্থানীয়রা ইটপাটকেল ছুড়তে শুরু করে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার বলেন, “আমরা খবর পেয়েছি। নিরাপত্তাকর্মী ও পুলিশকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকা থমথমে অবস্থায় রয়েছে।


















