তিউনিসিয়ার উপকূলে নোঙর করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন personally দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সিবিএস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দুটি জাহাজে দাহ্য পদার্থ ফেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর, তিউনিসিয়ার সিদি বউ সাঈদ উপকূলে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার লক্ষ্য ছিল পর্তুগিজ ও ব্রিটিশ পতাকাবাহী দুটি ত্রাণবাহী জাহাজ। এগুলো গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।
সিবিএস নিউজ উল্লেখ করেছে, বেসামরিক অবকাঠামোর ওপর দাহ্য অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নিষিদ্ধ।
তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
এর আগে চলতি সপ্তাহে, ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি বেসামরিক নৌযান জব্দ করে এবং অধিকারকর্মীদের আটক করে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ, আল-জাজিরা


















