লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে পিটানোর অভিযোগে শাহ আলম নামে স্থানীয় এক কৃষকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার সকালে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত কৃষকদল নেতা শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। শাহ আলম জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ছিলেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিনই ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে থানায় ওই কৃষকদল নেতার নামে লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত কৃষকদল নেতা শাহ আলম ভুক্তভোগী প্রবাসির স্ত্রীর বসতবাড়ির টিনের বেড়া ভেঙ্গে হাত ঢুকিয়ে দেয় এবং হাতে থাকা লাঠি দিয়ে পেটাচ্ছেন।
লিখিত এজাহার সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে কৃষকদল নেতা শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুরে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। এ সময় টিনের বেড়া ভেঙ্গে ঘরে থাকা প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ওই কৃষকদল নেতা শাহ আলম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে ওই ভুক্তভোগী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কালীগঞ্জ থানারর ওসি আবু সিদ্দিক জানান, ওই বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত নেতা শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।


















