শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ভিয়েতনাম: পর্যটন বাসের ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ১২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ণ

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি পর্যটন স্লিপার বাসের ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুটি শিশু রয়েছে। নিহতরা সবাই ভিয়েতনামের নাগরিক। এই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ জুলাই) ভোরে হা টিন প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী হানোই থেকে জনপ্রিয় পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে সজোরে আঘাত করে এবং উল্টে যায়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, “মুহূর্তেই বাসটা উল্টে গেল। আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।” তিনি আরও জানান, বাসের সামনের অংশে যারা স্লিপার বাঙ্কে ছিলেন, তাদের অনেকেই ঘটনাস্থলেই মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনার দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - জাতীয়