ফিলিস্তিনের গাজা সিটি দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শহরের উপকণ্ঠে ইতিমধ্যে অবস্থান নিয়েছে সেনারা। এ খবর ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিরাপত্তার খোঁজে শহর ছাড়তে শুরু করেছেন।
গত মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযানের অনুমোদন দেন। পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে সংরক্ষিত ৬০ হাজার সেনাকে ডেকে পাঠানো হবে, যাতে তারা ফ্রন্টলাইনে থাকা বাহিনীর জায়গা নিতে পারে।
হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করছে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে অমানবিক হামলা চালাচ্ছে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এ অভিযান “অসংখ্য মৃত্যু ও ধ্বংসযজ্ঞ” বয়ে আনতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে “শেষ সন্ত্রাসী ঘাঁটি” হিসেবে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তা দখলের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি আশঙ্কা প্রকাশ করেছে, নতুন করে বাস্তুচ্যুতি ঘটলে গাজার ২১ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
সূত্র: বিবিসি, রয়টার্স।



















