রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

ট্রাফিক সার্জেন্টকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করার অভিযোগে কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার-১ শাখার সচিব আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণে’র দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড়ে ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল একটি গাড়ি থামিয়ে কাগজপত্র দেখতে চান। গাড়িতে থাকা ফাতেমা বেগম প্রথমে জানান কাগজপত্র ঠিক আছে, তবে দেখাতে অনিচ্ছুক। পরে পুনরায় অনুরোধ করলে তিনি গাড়ি থেকে নেমে সার্জেন্টকে অপমানজনক ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার পর ট্রাফিক সার্জেন্ট লালবাগ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়