তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী হতে পারেন। তবে তিনি প্রার্থী না হলে স্থানীয় নেতাকর্মীরা চান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এ আসনে মনোনয়ন পান।
দলীয় সূত্রে জানা গেছে, আসনটি নিয়ে বিএনপি হাইকমান্ডের বিশেষ নজর রয়েছে। বগুড়া সদর আসন দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, এবং এখান থেকেই খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ আসনে জামায়াতে ইসলামী ইতোমধ্যে বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি ইতোমধ্যে মাঠে প্রচারণা শুরু করেছেন।
বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় জানা যায়, বগুড়া সদরকে দলীয়ভাবে “ভিভিআইপি আসন” হিসেবে ধরা হয়। স্থানীয় নেতারা বিশ্বাস করেন, জিয়া পরিবারের কেউ প্রার্থী হলে এই আসনে জয় নিশ্চিত।
খালেদা জিয়া প্রার্থী না হলে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় আছেন অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, রেজাউল করিম বাদশা, গোলাম মো. সিরাজ ও ভিপি সাইফুল ইসলাম।


















