গাজীপুরের কালিয়াকৈরে আঞ্চলিক সড়কে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার ধনুট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) এবং তাদের ছেলে আবু হুরায়রা (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ভেতরে থাকা বাবা জাহিদুল ও তার ছেলে আবু হুরায়রা নিহত হন। পরে জাহিদুলের স্ত্রী নাসরিন আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং নিহতদের মরদেহ উদ্ধার করি।”



















