ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের এক নেত্রীকে মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটির নেতারা। তারা দাবি করেছেন, হলের ভেতরে মব তৈরি করে তাকে আটকে রাখা হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা এ অভিযোগ তোলেন।
তাদের অভিযোগ, এ ঘটনায় ছাত্রীরা হল থেকে বের হতে বাধ্য হয় এবং মনোনয়ন ফরম তুলতে পারেনি। তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন আয়োজন করতে হলে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
ছাত্রদলের নেতারা আরও অভিযোগ করেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শুরু থেকেই একটি পক্ষ নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা চালাচ্ছে।



















