আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ১৯৯২ সাল থেকে প্রতি বছর এ দিনটি সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হচ্ছে।
২০১৮–১৯ সালের জরিপে দেখা যায়, দেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছে। এর মধ্যে বিষণ্নতা ও উদ্বেগ সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু আক্রান্তদের মধ্যে ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৯৪ শতাংশ শিশু কখনোই চিকিৎসা নেননি।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পরিশ্রম, কর্মক্ষেত্রে অসন্তুষ্টি, সহকর্মীদের অসহযোগিতা, দারিদ্র্য ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে কর্মীরা বিষণ্নতায় ভোগেন। বর্তমানে কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় আক্রান্ত, এবং গুরুতর মানসিক অসুস্থতার কারণে ৮০ শতাংশ কর্মী কাজ হারানোর ঝুঁকিতে থাকেন।



















