আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে দিন-রাত প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রার্থীরা।
নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলোও এখনো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
বিএনপির মনোনয়ন পেতে দৌড়াচ্ছেন অন্তত ১০ থেকে ১২ জন নেতা। তাদের মধ্যে রয়েছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল বকুল, পৌর বিএনপির আহ্বায়ক এম আজিজুল হক, সদস্য সচিব কমল লোহানী, মহিলা দলের সভাপতি শাহেদা হাসান, মুফাখখারুল ইসলাম মুন প্রমুখ।
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আশরাফ হোসেন এবং খেলাফত মজলিশের প্রার্থী শহিদুর রহমান।
অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
একইভাবে মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল বকুল ও কমল লোহানীও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে মাঠে থাকার কথা জানান।
জামায়াত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেন, “দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রার্থীদের বিজয়ী করতে হবে।”
গণঅধিকার পরিষদের নেতা হানিফুর রহমান সজীব জানান, “রংপুরের ছয়টি আসনেই আমাদের শক্ত অবস্থান রয়েছে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।”



















