হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান, এসব ঘটনা কি আসন্ন জাতীয় নির্বাচনের পথে বাধা তৈরি করছে? জবাবে উপদেষ্টা বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। নির্বাচন কমিশনকেও একই বার্তা দেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বড় ধরনের। সরকার প্রতিটি ঘটনারই তদন্ত করছে। এর আগে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটেছিল, তারও স্বচ্ছ তদন্ত হয়েছে। এখন বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তদন্তও একইভাবে হবে।”
নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “অনেক বছর নির্বাচন হয়নি, তাই অনেকেই প্রক্রিয়াটা ভুলে গেছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা-বিতর্ক হয়, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। কোনো আসনের সীমানা পুনর্বিন্যাস বা মামলা হলেও নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে না।”



















