চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ওসি গোলাম ফারুক।
তিনি জানান, আদালতের নির্দেশে ১১ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসামিদের অবস্থান শনাক্তে মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওসি বলেন, “আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য তাদের তথ্য ইমিগ্রেশনে পাঠানো হয়েছে।”
গত ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে এই মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় তিন দশক পর এই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তাধীন।



















