শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকান্ডে মূল অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব তথ্য নিয়ে এরই মধ্যে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। গতকাল সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এসব জানান। সিআইডি জানায়, মূল অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে।
চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। সিআইডি বলছে, মূল অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্যও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হত্যাকান্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ এবং শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে।
হাদির কবর দেখতে মানুষের ভিড় : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন দেশের বর্তমান প্রজন্মের বিপ্লবী ও সাহসী কণ্ঠ শহীদ শরিফ ওসমান হাদি।
গতকাল সরেজমিন দেখা গেছে, সমাধিসৌধের সামনের অংশে থাকা নিরাপত্তা বাহিনীর বলয় খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহবাগ থানা ও টিএসসি এলাকায় স্থাপিত ব্যারিকেডও তুলে দেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে এখনো পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।



















