গণঅভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রক্রিয়া নিয়ে করা একাধিক প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার প্রত্যর্পণকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।এমনকি বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ, নিরাপত্তা ও প্রত্যাবর্তনের প্রস্তুতি এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না- এসব প্রশ্নেও নীরব থেকেছেন জয়সওয়াল। তবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ বাতিলের খবর নাকচ করে তিনি জানিয়েছেন, দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ ও শেখ হাসিনার ফেরা নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়সওয়াল।
সাংবাদিকের প্রশ্ন ছিল, চলতি সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ভারতের কোনো নিশ্চিত বক্তব্য আছে কি না।জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। সে অনুযায়ী বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়টিও পরবর্তী কনস্যুলার সংলাপে আলোচনায় আসবে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।’তিনি আরও বলেন, ‘বিদ্যমান কাঠামোর আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।’
এরপর এক সাংবাদিক জানতে চান, কনস্যুলার সংলাপে অবৈধ অভিবাসনের বিষয়টি আলোচনায় আসে, যা নিয়ে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়ে আসছে। সংলাপটি পিছিয়ে যাওয়ার পেছনে কোনো কারণ আছে কি না।
জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়টিও আগের প্রশ্নের উত্তরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।’
ব্রিফিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চাইলে তিনি কীভাবে ফিরবেন- স্থলবন্দর দিয়ে, নাকি বিমানে। এ ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কোনো প্রস্তুতি রয়েছে কি না এবং দেশে ফেরার সময় তার নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন কি না।
জবাবে জয়সওয়াল বলেন, ‘আমি বিষয়টিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছি। প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এটি নিষ্পত্তি করা হবে।’
তবে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া, যাতায়াতের ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে করা অন্য প্রশ্নগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এ সময় এক সাংবাদিকের প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক উড়োজাহাজ পাঠাতে বলেছে ভারত- এমন খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের মুখোমুখি হওয়ার নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কি না।
জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’


















