শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যেই দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১৩, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

নায়ক-নায়িকার পরিচয়ের বাইরে ব্যবসায়ী হিসেবেও পরিচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনায় তারা। সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ তাদের বিলাসী জীবনযাপন ও সিনেমায় বিনিয়োগের প্রসঙ্গ টেনে ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা জানাচ্ছেন।

 

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান নিয়ে কথা বলেছেন অনন্ত জলিল ও বর্ষা। পৃথক ফেসবুক পোস্টে মানুষের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রেখে কঠিন সময় পার করার কথা জানিয়েছেন বর্ষা; পরিবারের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

 

নিজের পোস্টে কোরআন-এর দুটি আয়াত উল্লেখ করে অনন্ত জলিল লিখেছেন, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি; আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

 

যারা তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত। লিখেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

 

পাশাপাশি যারা সমালোচনা করেছেন, তাদের উদ্দেশে অনন্ত লেখেন, ‘যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

 

অন্যদিকে, বর্ষার পোস্টে উঠে এসেছে ব্যবসা-বাণিজ্যের প্রতিকূল সময়ের প্রসঙ্গ। তিনি লিখেছেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

 

অনন্ত ও পরিবারের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, মানুষের দোয়া ও ভালোবাসা তাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। স্বামী, সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

 

দেশের প্রতিটি মানুষের শান্তি, সুস্থতা ও রিজিকে বরকতের জন্যও দোয়া করেছেন বর্ষা।

সর্বশেষ - শিক্ষা