রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৭টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন লোক সংকেত দিয়ে থামায়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরা নেমে গেলে দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বাসটি জব্দ করে।
বাস মালিক পক্ষের দাবি, চাঁদাবাজি-সংক্রান্ত বিরোধ বা সম্প্রতি ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষোভ থেকে এ হামলা হতে পারে। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, ঘটনাটি তদন্তাধীন এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















