রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সাদাপাথরে ফিরছে পর্যটকদের ভিড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে আবারও পর্যটকের পদচারণা শুরু হয়েছে। কয়েকশ’ কোটি টাকার পাথর লুটে ক্ষতিগ্রস্ত এই পর্যটনকেন্দ্রটি প্রশাসনের অভিযানে উদ্ধার করা পাথর প্রতিস্থাপনের পর ধীরে ধীরে আগের রূপ ফিরে পাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে এখন প্রতিদিনই শত শত পর্যটক ভিড় করছেন সাদাপাথরে। কেউ ধলাই নদীর স্বচ্ছ জলে সাঁতার কাটছেন, কেউবা নৌকা ভ্রমণে বা ছবি তোলায় ব্যস্ত। তবে পুরোনো পর্যটকেরা বলছেন, আগের মতো পাথরে ভরপুর দৃশ্য আর নেই। নতুনরা অবশ্য এখনকার সৌন্দর্যও উপভোগ করছেন পরিপূর্ণভাবে।

লুটপাটের পর আদালতের নির্দেশে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সাড়ে ৫ লাখ ঘনফুট পাথর আবার নদীতে প্রতিস্থাপন করেছে প্রশাসন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সাদাপাথর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

পর্যটকরা মনে করেন, প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে সরকার ও স্থানীয়দের আরও সচেতন হওয়া জরুরি। টোয়াসের আহ্বায়ক হুমায়ূন কবীর লিটন বলেন, প্রকৃতির তৈরি সৌন্দর্যকে মানুষের হাতে পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে শিক্ষা নিয়ে অন্যান্য পর্যটনকেন্দ্র সুরক্ষায় গুরুত্ব দেওয়া উচিত।

সর্বশেষ - জাতীয়