শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

৩০ দলের অংশগ্রহণে রবিবার ঐকমত্য কমিশনের নতুন বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

জুলাই জাতীয় সনদে সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামীকাল রবিবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকটি সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হবে। শনিবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতেই কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে দলগুলোর সঙ্গে তৃতীয় দফার তৃতীয় দিনের সংলাপে বসেছিল।

সরকারের কাছে কমিশন দুটি বাস্তবায়ন প্যাকেজ প্রস্তাব দিতে যাচ্ছে—
১️⃣ সংবিধান আদেশ জারি, ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ ও গণভোট আয়োজন।
২️⃣ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা গঠন করে সাংবিধানিক বিষয়গুলোর সমাধান।

সংবিধান বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে এখনও পূর্ণ ঐকমত্য না হওয়ায় কমিশনের কার্যকাল ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল ও জোট ৮২টি বিষয়ে মতামত দিয়েছে, যার মধ্যে ৬২টি বিষয়ে ঐকমত্য পাওয়া গেছে।

জাতীয় ঐকমত্য কমিশন জানায়, রবিবারের বৈঠকে দলগুলোর প্রস্তাবসমূহ সমন্বয় করে চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো তৈরির দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

সর্বশেষ - জাতীয়