মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সড়কের অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা: ইশরাক হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

সড়কের অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৪ মার্চ) ধোলাইখাল রোড উন্নয়ন এবং সুভাষ বোস অ্যাভিনিউ-এর নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধোলাইখাল সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে এবং কোথাও কোথাও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সড়ক দখল করে স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি জানান, ধোলাইখাল রোডের দৈর্ঘ্য প্রায় ০.৭৮ কিলোমিটার এবং এর দুই পাশে প্রায় ১.৫৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে, সুভাষ বোস অ্যাভিনিউয়ের দৈর্ঘ্য ০.৫৮ কিলোমিটার এবং এর দুই পাশে ১.১৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। এসব উন্নয়নকাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিসি ট্রাফিক, সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। পাশাপাশি ধোলাইখালের দুই পাশের মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গেও আলোচনা করা হবে।

ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সীমানার বাইরে রাতের বেলায় ট্রাক দাঁড়িয়ে পুরো সড়ক দখল করে ফেলে। আগে সেই জায়গা উন্মুক্ত করা হবে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে।

তিনি আরও বলেন, যেখানে স্বাভাবিকভাবে ১৫-২০ সেকেন্ড সময় লাগার কথা, সেখানে অনেক সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হয়।

পুরান ঢাকায় স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর বিষয়ে তিনি বলেন, ডাবল বা ট্রিপল লেনে বাস দাঁড় করিয়ে সড়ক বন্ধ করে দেওয়ার প্রবণতা দ্রুত বন্ধ করা হবে। তবে আপাতত প্রয়োজন বিবেচনায় এক লেনে বাস দাঁড়ানোর ব্যবস্থা রাখা যেতে পারে।

তিনি আরও জানান, বিষয়টি জাতীয় নীতির আওতায় এনে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা হবে। রাজধানীর যানজট নিরসনে সরকার কাজ করছে এবং দ্রুতই এর স্থায়ী সমাধান আনা হবে।

সর্বশেষ - জাতীয়