ইসরায়েল যুক্তরাষ্ট্রের অর্থায়নে বোয়িংয়ের তৈরি দুইটি কেসি-৪৬ আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের এ চুক্তি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র সরকারের সামরিক সহায়তা থেকেই আসবে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ক্রয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হবে। বর্তমানে দেশটির বিমানবাহিনীর বহরে চারটি কেসি-৪৬ রয়েছে। নতুন দুটি যুক্ত হলে দূরপাল্লার অভিযান ও কৌশলগত সক্ষমতা আরও বাড়বে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেছেন, এই ট্যাঙ্কারগুলো সেনাদের দূরবর্তী এলাকায় শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করবে। গত জুনে ইরানের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলাতেও ইসরায়েল এই ধরনের ট্যাঙ্কার ব্যবহার করেছিল।
চুক্তির আওতায় ট্যাঙ্কারগুলোতে ইসরায়েলি নিজস্ব প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে, যদিও নির্দিষ্ট প্রযুক্তির বিবরণ প্রকাশ করা হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে কিছু কংগ্রেস সদস্য সমালোচনা করেছেন—গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে এমন সহায়তা দেওয়া কতটা যৌক্তিক। তাদের মতে, মার্কিন জনগণের করের অর্থ ঘরোয়া খাতেই ব্যয় করা বেশি জরুরি।



















