শনিবার , ৫ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

সংস্কার ও বিচারের নামে টালবাহানা রুখবে বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে, তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, “মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন করবে না। তারা বলছে, ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না, পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। নির্বাচন করার জন্য আমাদের কী কী করতে হবে পরামর্শ দিলেই হয়। শুধু করবা না, করবা না বললে কী হবে?”

তিনি আরও যোগ করেন, “আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই। আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি—এই কথাগুলো কারা বলছে, যারা নির্বাচনে এলে জামানত না থাকার কথা, তারা বলছে।” তার মতে, “এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এসব বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে। বলছে, বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কী জিনিস, আপনারা কেউ জানেন?”

সালাহউদ্দিন আহমদ ‘চেতনা’ শব্দটির ব্যবহার নিয়েও আপত্তি জানান। তিনি বলেন, “চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, “আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।”

সর্বশেষ - জাতীয়