রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৫, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধন শেষে বইগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় নতুন বইগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষণ) এবং ‘আমার কারিগরি শিক্ষা’।

সংশ্লিষ্টদের মতে, নতুন বইগুলো পাঠ্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীরা প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশের সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষণপদ্ধতি ও কারিগরি শিক্ষার বিষয়ে জানার সুযোগ পাবে।

চতুর্থ শ্রেণির নতুন বই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ এনসিসিসির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন বই অনুমোদনের জন্য আয়োজিত পৃথক সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন ও প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যও সভায় অংশ নেন।

সংশ্লিষ্টদের আশা, নতুন বইগুলো শিক্ষার্থীদের বহুমুখী মেধার বিকাশ, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে।

সর্বশেষ - শিক্ষা