রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সাভার-গাজীপুরে বন্ধ ৮০ কারখানা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। রোববার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনায় দুই এলাকায় অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলনের প্রভাবে সাভারের আশুলিয়ায় অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, শ্রমিক আন্দোলনের কারণে সাভারে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। তাঁদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর একই এলাকায় ট্রপিক্যাল নামের একটি পোশাক কারখানার ঝুট গুদামেও অগ্নিসংযোগ করা হয়।

শ্রমিক আন্দোলনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর তাঁরা পেয়েছেন। তবে শ্রমিক আন্দোলনের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনার পর সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সর্বশেষ - শিক্ষা

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত

ইসরায়েল-ইরান যুদ্ধ পোশাক শিল্পে নতুন চ্যালেঞ্জ

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ শত্রু নয়, আমাদের মিত্র: বিএনপির এমপি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভয়াবহ লোডশেডিংয়ে সিলেটবাসী বিপর্যস্ত

একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে দেশবাসী: তারেক রহমান

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে নতুন বার্তা জয়শঙ্করের

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি জুবায়েরের

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় গ্রেপ্তার, হাতিরঝিলে আটক ২ সহযোগী