মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভস্থলে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে, জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উপলক্ষে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় জান্তা বিরোধী স্লোগান শুরু হলে সামরিক বাহিনী দুটি বোমা নিক্ষেপ করে।
এক নারী আয়োজক জানান, “আমরা মানুষকে সতর্ক করেছিলাম, কেউ কেউ পালাতে পেরেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি প্যারাগ্লাইডার এসে বোমা ফেলে। শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।”
স্থানীয় সংবাদমাধ্যমগুলোও ৪০ জন নিহতের খবর নিশ্চিত করেছে। তবে এ হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।



















