রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, সারা দেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবেন। রবিবার ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

মহাপরিচালক বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা টিকার আওতায় থাকবে এবং কোনো শিশুই বাইরে থাকবে না। এ মাসব্যাপী কার্যক্রমে সারা দেশে প্রায় ৫ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। তিনি আরও জানান, বাংলাদেশে ওষুধ প্রতিরোধী টাইফয়েড একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি, যা টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

ডা. জাফর বলেন, বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কমিউনিটি ইপিআই কেন্দ্রে শিশুরা টিকা নিতে পারবে। অভিভাবকরা ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন, যাদের জন্মনিবন্ধন নেই, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

তিনি সবাইকে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং জানিয়েছেন, টিকার মাধ্যমে টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সর্বশেষ - জাতীয়