চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। তবে এবার মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ।
এ বছর মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ সংখ্যা ও পাসের হার উভয়ই হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। পরীক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানতে পারছেন।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।



















