শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার একটি আদালত

২০১৯ সালে সংঘটিত একটি প্রাণঘাতী দুর্ঘটনার পর দায়ের করা মামলার রায়ে শুক্রবার জুরি বোর্ড এই আদেশ দেয়। মামলায় অভিযোগ ছিল, টেসলার ‘অটোপাইলট’ চালক-সহায়ক প্রযুক্তি সঠিকভাবে কাজ না করায় দুর্ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্যমতে, দুর্ঘটনায় নাইবেল বেনাভিডেস লিওন নামে একজন নিহত হন এবং তার সঙ্গী ডিলন অ্যাঙ্গুলো গুরুতর আহত হন। তাদের পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

আইনজীবী ড্যারেন রুসো জানান, জুরি বোর্ড মনে করেছে— টেসলার সিস্টেম এই দুর্ঘটনায় আংশিকভাবে দায়ী। এ ঘটনায় টেসলা চালিত একটি গাড়ি একটি শেভ্রোলেট এসইউভির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

রায়ের ভিত্তিতে ক্ষতিপূরণ হিসেবে লিওনের পরিবারের জন্য ৫৯ মিলিয়ন, অ্যাঙ্গুলোর জন্য ৭০ মিলিয়ন এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়। যেহেতু টেসলার দায় এক-তৃতীয়াংশ বলে বিবেচিত হয়েছে, তাই চূড়ান্ত ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াবে প্রায় ২৪২.৫ মিলিয়ন ডলার

রুসো বলেন, “এটি একটি ন্যায্য রায়। আদালত সব প্রমাণ খতিয়ে দেখেই সিদ্ধান্ত দিয়েছেন। এতে আমাদের মক্কেলরা ন্যায়বিচার পেয়েছেন।”

এদিকে, টেসলার পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি চলছে। টেসলার আইনজীবীরা এক বিবৃতিতে জানান, “এই রায় ভুল এবং এটি গাড়ির নিরাপত্তা প্রযুক্তির উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। অটোপাইলট সঠিকভাবেই কাজ করছিল, কিন্তু চালক গতি লঙ্ঘন করেছিলেন এবং সড়কে মনোযোগ না দিয়ে মোবাইল খুঁজছিলেন।”

তারা আরও বলেন, “এই দুর্ঘটনার জন্য একমাত্র দায়ী ছিলেন চালক। এটি কখনওই অটোপাইলট প্রযুক্তির ব্যর্থতা ছিল না।”

সূত্র: রয়টার্স, এপি, সিবিএস নিউজ, সিএনবিসি

সর্বশেষ - জাতীয়