রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও

৫% বাড়িভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেটে ভুখামিছিল শিক্ষকদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুখামিছিল শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি থালা-বাসন হাতে নিয়ে তারা শিক্ষা ভবন অভিমুখে মিছিল শুরু করেন। বিকাল পৌনে ৪টার দিকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলটি আটকে দেয়।

এসময় শিক্ষক-কর্মচারীরা স্লোগান দেন— “হয়তো দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে”, “৫%–এর প্রজ্ঞাপন মানি না, মানব না”, “প্রহসনের প্রজ্ঞাপন মানি না, মানব না”, “সি আর আবরার, আর নয় দরকার”।

মিছিল শুরুর আগে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সরকার ৫ শতাংশ বাড়িভাড়া দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু আমরা তা মানি না। এটি আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হলেও চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের কারণে মিছিল দেরিতে শুরু হয় বলে জানান দেলোয়ার হোসেন আজিজী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাইকোর্ট মোড়ে পুলিশ ও শিক্ষক-কর্মচারীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। সেখানে পুলিশের দুটি জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।

এর আগে, আজই অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি জানায়।

সর্বশেষ - জাতীয়