ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতি নিরূপণের পর ছয়টি পদক্ষেপের দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য দেন ইএবি ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই নয়, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। নিরাপত্তা সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করেছে।” প্রাথমিক হিসেবে প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ইএবির ছয় দফা দাবিগুলো হলো—
১. বিমাকৃত পণ্যের ক্ষতিপূরণ দ্রুত নিষ্পত্তি করা;
২. বিমাহীন পণ্যের ক্ষতিপূরণে সরকারি বিশেষ তহবিল গঠন;
৩. কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ;
৪. ওষুধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত পৃথক গুদাম;
৫. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন;
৬. এবং গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড করা।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন লাগে। প্রায় ৩৭টি ইউনিটের ৭ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ২৬ ঘণ্টা পর সম্পূর্ণ নির্বাপণ করা হয়।



















