নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রক্ষণশীল কানো রাজ্যে টিকটকে প্রকাশিত একটি চুম্বন ভিডিওর ঘটনায় দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে বিয়ের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।
রাজধানী কানোর একটি ম্যাজিস্ট্রেট আদালত সোমবার শরিয়া পুলিশ হিসবাহকে নির্দেশ দেয়, ৬০ দিনের মধ্যে ওই দুই টিকটকারের বিয়ে সম্পন্ন করতে। আদালতের মতে, তারা প্রকাশ্যে রোমান্টিক আচরণ দেখিয়ে সমাজে অশালীনতার উদাহরণ স্থাপন করেছেন, যা গভীর প্রেমের প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে।
রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র বাবা-জিবো ইব্রাহিম জানান, আদালত হিসবাহকে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ করার নির্দেশ দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইদ্রিস মাই উশিরিয়া ও বাসিরা ইয়ার গুদা ঘনিষ্ঠভাবে চুম্বন করছেন। ভিডিওটি ভাইরাল হলে কানোর ধর্মীয় গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে তারা। এরপর মাই উশিরিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তিনি রায় ঘোষণার আগ পর্যন্ত হেফাজতে ছিলেন। অপরদিকে ইয়ার গুদা আত্মগোপনে চলে যান।
হিসবাহর মহাপরিচালক আব্বা সুফি বলেন, “যদিও আদালত ৬০ দিনের সময়সীমা দিয়েছে, আমরা যত দ্রুত সম্ভব বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে চাই।”
তিনি আরও জানান, মাই উশিরিয়ার পরিবার ইতোমধ্যে বিয়েতে সম্মতি দিয়েছে এবং ইয়ার গুদার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কানো রাজ্য সরকার নবদম্পতির জন্য একটি বাড়ি কেনার পরিকল্পনাও করছে।
উল্লেখ্য, কানো শহর নাইজেরিয়ার স্থানীয় চলচ্চিত্রশিল্প ‘কানিউড’-এর কেন্দ্র হিসেবে পরিচিত, যা দীর্ঘদিন ধরেই ধর্মীয় নেতাদের নজরদারিতে রয়েছে। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে একাধিক টিকটকারকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে।



















