জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত ভাইরাল অডিওটি সত্য দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তবে সেই আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত।মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী যাচাই-বাছাইয়ের জন্য আমির হামজার একটি অডিও তার কাছে পাঠিয়েছিলেন। তিনি নিজে এর সত্যতা নিশ্চিত করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এর জবাবে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০ ভিডিও তৈরি করে দাবি করেন যে, ওই কণ্ঠ আমির হামজার নয়, বরং সেটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো।তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দীর্ঘ অনুসন্ধানের পর নিশ্চিত করেছে যে, আমির হামজার কণ্ঠস্বরটি এআই দিয়ে বানানো নয়। রাশেদ খান বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় আমির হামজা সম্পর্কে নারীঘটিত যে অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ সত্য।
ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার কড়া সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ভুল করার পর তা স্বীকার না করে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজা আল্লাহর কসম খেয়ে মিথ্যাচার করেছেন, যার অর্থ তার কাছে কোরআনের কোনো মূল্য নেই।
রাশেদ খান অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ভুল করার পর তা স্বীকার না করে উল্টো যারা ভুল ধরিয়ে দেয়, তাদের মিথ্যাবাদী বানানোর পাঁয়তারা করে।
ভিডিওবার্তায় রাশেদ খান দাবি করেন, জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে আমির হামজার এই অপকর্মের তথ্য ছিল। নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু বিষয়টি তখনো প্রকাশ্যে না আসায় জামায়াত তাকে মনোনয়ন দেয়।
তিনি প্রশ্ন তোলেন, একজন এমপির বিরুদ্ধে অভিযোগ আসায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন; কিন্তু জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ন্যূনতম তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে ডা. শফিকুর রহমান অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।
তিনি আরও দাবি করেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এর আগে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেটিও সত্য এবং জামায়াতের আমির তা জানেন।
রাশেদ খান বলেন, বর্তমান জামায়াত আর আগের জামায়াত এক নয়। গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লোক এবং মেজর (অব.) আখতারুজ্জামানের মতো ‘জুলাই গাদ্দাররা’ এখন জামায়াত করছে, যার ফলে ভালো মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি বলেন, আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয়।


















