আগামী ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে। এর ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে, এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এফএসআরইউ মেরামত বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর থেকেই গ্যাস সঞ্চালন আবার শুরু হবে।’
লোডশেডিং নিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার চালু করব।’


















