শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শিল্পাঞ্চল পুলিশ ও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সন্ধ্যার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দুই শতাধিক কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি বলে দাবি করেন তিনি।
শামীমা পারভীন বলেন, হেমায়েতপুরে শুরুতে তারাই পোশাক কারখানায় হামলা চালান। এতে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। প্রকৃত শ্রমিকেরা বুধবারের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
ঢাকা জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তি ককটেল বিস্ফোরণ করেছিলেন। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।


















