রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষি বিজ্ঞান শিক্ষক বশির জোমাদ্দারের বিরুদ্ধে ওই মাদ্রাসার সাবেক এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে।

এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রীর স্বামী শনিবার রাতে তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার কৃষি বিজ্ঞান শিক্ষক বশির জোমাদ্দার ওই মাদ্রাসার সাবেক এক ছাত্রীকে প্রায় মোবাইলে ফোন করে কুপ্রস্তাব দিয়ে আসছেন। মোবাইল ফোন না ধরলে তিনি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এমন অভিযোগ ওই ছাত্রীর।

যুবলীগ নেতার উত্ত্যক্তের বিষয়টি ওই ছাত্রী তার স্বামীকে জানায়। কিন্তু স্বামীও তাকে নিবৃত করতে ব্যর্থ হয়। পরে শনিবার রাতে ওই মাদ্রাসাছাত্রীর স্বামী বিচার চেয়ে তালতলী থানায় লিখিত অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ নারীঘটিত অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একটার পর একটা ঘটনা ঘটিয়েছিলেন। ভেবেছিলাম এখন থামবে; কিন্তু তাও তিনি থামলেন না। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ওই ছাত্রী বলেন, বশির জোমাদ্দার আমার শিক্ষক। একজন শিক্ষক হয়ে তিনি কিভাবে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিতে পারেন। স‌্যারকে বহুদিন বুঝিয়েছি কিন্তু তিনি তা মানতে নারাজ। মোবাইল ফোন ধরা বন্ধ করলে স‌্যার বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেন। হুমকি দিতেন আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে বলে সংসার ভাঙবে। নিরুপায় হয়ে আমি স‌্যারের সব কুকর্মের কথা স্বামীকে বলেছি।

তিনি আরও বলেন, আমার স্বামীর সহযোগিতা নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।

ওই ছাত্রীর স্বামী বলেন, ওই শিক্ষকের কঠিন শাস্তির দাবি জানাই।

যুবলীগ নেতা মাদ্রাসা শিক্ষক বশির জোমাদ্দার বলেন, আমার বিরুদ্ধে আমার ছাত্রীর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ‌্যা। আমাকে হয়রানি করতেই এমন অভিযোগ এনেছেন।

তিনি আরও বলেন, ওই ছাত্রী আমার কাছে সার্টিফিকেট ও নতুন ভোটার ছবি তোলার বিষয়ে দুই দিন ফোন দিয়েছিল। আমি তো তাকে কোনো দিন ফোন দেয়নি।

তবে কেন আপনার বিরুদ্ধে আপনার ছাত্রী এমন অভিযোগ করবেন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

চন্দনতলা আব্দুল গফুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, শনিবার রাতে এক মাদ্রাসার সাবেক ছাত্রীর স্বামী শিক্ষক বশির জোমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্তে অভিযোগের সত‌্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়