হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে জেলার একাধিক উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের সঙ্গে সঙ্গে গ্রিড উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মারে কারিগরি ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এই অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাটসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর জন্য মেরামতের কাজ চলছে।
গ্রিড উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মান্নান জানান, “আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি। তবে সময় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বৃহস্পতিবার রাত ১১টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়নি।



















