দীর্ঘ প্রায় ১৪ বছরের কারাভোগের পর জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়েই তিনি শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে উপস্থিত হয়ে বলেন, “আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।”
বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা
এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর প্রথমেই বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি সর্বপ্রথম আমাদের মহামন্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক অগ্রণী ভূমিকা পালন করছেন। এত দিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে।” তিনি তার আইনজীবীদেরও ধন্যবাদ জানান।
ফ্যাসিবাদী সরকারের পতন ও নতুন বাংলাদেশ
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, “আগের সরকারের সময় আপনারা জানেন কিভাবে আমাদের ভাইদের হত্যাকাণ্ড করে দুনিয়া থেকে বিদায় করেছে।” তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, “ধন্যবাদ জানাই ৩৬ জুলাইয়ের গণআন্দোলনের মহানায়কদের। যাদের আন্দোলনের অক্লান্ত পরিশ্রমের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল।” তিনি ছাত্র সমাজকে সাধুবাদ জানিয়ে বলেন যে, তারা দীর্ঘ সাড়ে চোদ্দ থেকে পনেরো বছরের ফ্যাসিস্ট এবং জুলুমবাজ সরকার থেকে ‘নতুন একটা বাংলাদেশ’ উপহার দিয়েছে।
সমাবেশস্থলে উপস্থিত জনগণের ভোগান্তি এড়াতে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তিনি বলেন, “আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সাথে বারবার দেখা হবে, বারবার কথা হবে।”



















