যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তেল, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যালস বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নয়টি ভারতীয় কোম্পানি ও আটজন ভারতীয় নাগরিকের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টির নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র ও ট্রেজারি বিভাগ সর্বশেষ নিষেধাজ্ঞায় বিশ্বের প্রায় ১০০ ব্যক্তি, সংস্থা ও জাহাজকে অন্তর্ভুক্ত করেছে। এতে ভারত ছাড়াও চীন, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের সংস্থাও স্থান পেয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় মুম্বাই ও দিল্লি ভিত্তিক রসায়ন ও পেট্রোকেমিক্যালস ট্রেডিং সংস্থা এবং তাদের পরিচালকরা অন্তর্ভুক্ত। এদের মধ্যে রয়েছে সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোদি কেম, পারিকম রিসোর্সেস, ইনডিসোল মার্কেটিং, হারেশ পেট্রোকেম, শিব টেককেম ও বিকে সেলস কর্পোরেশন।
এছাড়া ইরান থেকে এলপিজি পরিবহনে জড়িত তিনজন ভারতীয় নাগরিকও তালিকাভুক্ত। মার্কিন ট্রেজারি অভিযোগ করেছে, এ সংস্থাগুলো ও ব্যক্তি ইরানি পেট্রোকেমিক্যালস ও এলপিজি আমদানি ও পরিবহন করেছে, যা নিষেধাজ্ঞার আওতায় পড়ে।



















