বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবার (২৯ মে) নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর ফলে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে।
যেসব জেলায় বন্যার ঝুঁকি:
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৩০ মে) পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নিম্নলিখিত জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে:
- উত্তরে: রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
- উত্তর-পূর্বাঞ্চলে: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা।
- দক্ষিণ-পূর্বাঞ্চলে: ফেনী।
শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে। এ সময় মুহুরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে ফেনী জেলার মুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে।
রংপুর বিভাগে তিস্তা নদীও কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা তিস্তাসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।
অন্যদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব নদীসংলগ্ন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এছাড়াও, আগামী দুদিন পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।



















