জাতিসংঘের বিশেষজ্ঞরা ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এবং একইসঙ্গে দুই পক্ষের চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২০ জুন, ২০২৫) এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, “ইসরায়েলের আক্রমণ এবং ইরানের প্রতিক্রিয়া একে অপরের ভূখণ্ডে ধারাবাহিক আক্রমণের মধ্য দিয়ে বহু বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটিয়েছে। এই ধ্বংসাত্মক সহিংসতাময় পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।” আল-জাজিরা এই খবর দিয়েছে।
তারা আরও বলেন, “আমরা নারী ও শিশুদের মৃত্যু এবং আহতের বিষয়ে জানতে পেরে বিশেষভাবে শঙ্কিত।”
বিশেষজ্ঞরা ইরানের ওপর ইসরায়েলের প্রথম হামলার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ এর কিছুক্ষণ আগেই মার্কিন ও ইরানের প্রতিনিধিরা পারমাণবিক আলোচনায় অংশ নিতে যাচ্ছিলেন।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, ইসরায়েলের এমন কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য এবং এর বাইরে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি আরও বাড়িয়ে তোলে।



















