সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দুটি স্থাবর সম্পত্তি ক্রোক এবং দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুটি করে অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত এই দুটি স্থাবর সম্পত্তির প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার।

সোমবার (১৪ জুলাই, ২০২৫) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম এদিন আদালতে এই সম্পদগুলো ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পুলিশের আইজি থাকাকালীন তিনি এই সম্পদগুলো অবৈধভাবে অর্জন করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজের এবং আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা ব্যাহত হতে পারে। তাই, আদালতে চার্জশিট দাখিলের পূর্বেই এই সম্পত্তিগুলো জব্দ করা অপরিহার্য।

সর্বশেষ - জাতীয়